বাংলাধারা প্রতিবেদন »
করোনার কারণে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক পরিবহন আইন ও সরকারি আদেশ অমান্য করে যেসব যানবাহন রাস্তায় বের হচ্ছে সেগুলোকে নিয়মিত আটক, জরিমানা ও মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি যতদিন সাধারণ ছুটি শেষ না হবে এবং সিএমপির নির্দেশনা বহাল থাকবে ততদিন এসব আটককৃত গাড়ি পুলিশের জিম্মায় থাকবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের দুই জোনে বৃহস্পতিবার (৯এপ্রিল) ও শুক্রবার (১০ এপ্রিল) মোট ১১২ টি মামলা দায়ের করা হয়।
সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকলেও আমাদের পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। সড়ক পরিবহন আইন ও সরকারি আদেশ অমান্য করে যেসব যানবাহন রাস্তায় বের হচ্ছে সেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। যানবাহন আটক হচ্ছে এবং জরিমানা আরোপ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখন যেসব যানবাহন আটক করা হচ্ছে তা ছাড়া হবে না। যতদিন সাধারণ ছুটি শেষ না হবে এবং সিএমপির নির্দেশনা বহাল থাকবে ততদিন এসব গাড়ি আটক থাকবে। আমরা অনুরোধ করবো- যাতে কেউ বিনাপ্রয়োজনে গাড়ি নিয়ে বের না হন।
বাংলাধারা/এফএস/টিএম












