বাংলাধারা প্রতিবেদন »
আগের ম্যাচে বড় জয় কাজটা অনেক সহজ করে দিয়েছে। এবার সিরিজ জয়ের পালা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সেই লক্ষ্যপূরণে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে।
দিবারাত্রির ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর একটায়। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙার কোনো খবর এখনও মেলেনি। তাই এদিন একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে মাশরাফি বাহিনী।
এর আগে রোববার প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিরুদ্ধে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছিল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। সেই ম্যাচে লিটন দাশ করেছিলেন স্ট্রোক ঝলমলে এক সেঞ্চুরি। ইনজুরি থেকে ফিরে অনেকদিন পর দলের হয়ে মাঠে নামা সাইফুদ্দিন উজ্জ্বল ছিলেন ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই। মিথুন পেয়েছিলেন হাফ সেঞ্চুরি।
সে ম্যাচে একমাত্র প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের শ্লথ গতির ব্যাটিংকে নিয়ে। ব্যাটিং উইকেটে জিম্বাবুয়ের দুর্বল বোলিং লাইনআপের বিপক্ষে তার ৪৩ বলে ২৪ রানের ইনিংস দৃষ্টিকটু লাগে অনেকের কাছেই।
এ ম্যাচে তাই স্পটলাইট একটু বেশিই থাকবে তামিমের দিকে। দেশের এক নম্বর ওপেনারকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও যে চিন্তিত তা বোঝা গেছে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কথায়। তামিমের ব্যাটিং কৌশল যে টিম ম্যানেজম্যান্টের মনঃপুত হচ্ছে না তা সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে ম্যাকেঞ্জির আলাপচারিতায় পরিষ্কার বোঝা গেছে।
অবশ্য দক্ষিণ আফ্রিকান এ ব্যাটিং কোচ এটাও বলেছেন তামিম তার সমস্যার কথা জানেন। সমাধানও তামিম নিজেই বের করে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার অধিনায়কত্ব ক্যারিয়ারের খুব সম্ভবত শেষ সিরিজ এটি। তাই তাকে জয় দিয়েই বিদায় দিতে চাইবে সতীর্থরা, এমনটা বলে না দিলেও চলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি মতুর্জা ও মুস্তাফিজুর রহমান।
বাংলাধারা/এফএস/টিএম














