বাংলাধারা প্রতিবেদন »
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনের নির্দেশনা অনুযায়ী জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ে থাকা লেসিং বিভাগের এবং ডেলিভারি বিভাগের দুই হাজার অস্থায়ী শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্দরের সিসিটি ইয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ক্যাপ্টেন তানভির হোসাইন জানান, প্রথম দিন দুই শতাধিক শ্রমিককে ত্রাণ হস্তান্তর করা হয়েছে ৪ ফুট দূরত্বে অবস্থান নিশ্চিতের মাধ্যমে। জনপ্রতি ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১টি করে সাবান। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধের মধ্যেও জরুরি আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে বন্দরে সাইফ পাওয়ারটেকের কর্মীদের আনা-নেওয়ার জন্য বাস, নাশতা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ- বিশেষ করে মাস্ক, গ্লাভস, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জ্বর মেপে টার্মিনালে ঢোকানো, মেডিক্যাল টিমের উপস্থিতি ইত্যাদি নিশ্চিত করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












