১৩ মার্চ ২০২৬

সাহেদকে গ্রেফতার দেখানোর শুনানি ৫ আগস্ট

বাংলাধারা প্রতিবেদন »

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার দেখানোর শুনানির জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদসহ চারজনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক চিশতী, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১১ থেকে ২১ জানুয়ারি সময়ে আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার এক কোটি টাকা (যা সুদাসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি দুই কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় মামলা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ