২১ মার্চ ২০২৬

সাহেদের নামে মামলা করবে দুদক

বাংলাধারা প্রতিবেদন »

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনআরবি ব্যাংক লিমিটেড থেকে ১ কোটি ৫১ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার ( ২১ জুলাই ) কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দুদকের পরিচালক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে গত ১৩ জুলাই সাহেদের বিরুদ্ধে মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, বহুমাত্রিক জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

কমিশনের সংশ্লিষ্ট অনুবিভাগগুলো বিভিন্ন ব্যক্তি, গণমাধ্যম, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস হতে সাহেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সংগ্রহ করে।

উল্লেখ্য, কমিশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যেরে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এ দলের অন্য সদস্যরা হলেন- মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন