২০ মার্চ ২০২৬

সাড়ে ৪৮ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩

বাংলাধারা প্রতিবেদন »

কুমিল্লা জেলার কোতয়ালী থানায় অভিযান চালিয়ে ৩ লাখ ২৪ হাজার ৮২৫ শলাকা চোরাই বিদেশি সিগারেটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রায়গঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের সাথে উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৭২ হাজার ৩৭৫ টাকা।

আটককৃতরা হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ঢুলিপাড়ার সুলতান আহম্মদের ছেলে মো. আক্তার (৫২), চৌদ্দগ্রাম থানার পাড়ুয়ারার মৃত জুলফে আলীর ছেলে মো. নাসির (৫২) ও কোতোয়ালী থানার ছাতিপট্টির সঞ্জয় সাহার ছেলে কৌশিক সাহা (২৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, অবৈধভাবে বিভিন্ন দেশ হতে বিদেশী সিগারেট এনে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রাজগঞ্জ বাজার এলাকায় বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযানে যায়। মঙ্গলবার বিকাল ৫টায় কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাজগঞ্জ বাজার এলাকার মেসার্স আক্তার ষ্টোর, মজুমদার ষ্টোর, মেসার্স সাহা ব্রাদার্স নামীয় দোকানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, পরবর্তীতে তাদের দেখানো ও শনাক্ত মতে দোকান তল্লাশী করে দোকানের মধ্যে লুকানো অবস্থায় ৩ লাখ ২৪ হাজার ৮২৫ শলাকা অবৈধভাবে সংগ্রহ করা চোরাই সিগারেট উদ্ধার করি।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন