চট্টগ্রাম নগরীর নতুনব্রিজ এলাকায় বিশেষ অভিযানে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আলী আজগর প্রকাশ টুটুল (৪১) কে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ)-এর ঘোষিত ‘নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী’ তালিকার ২৯৪ নম্বরে রয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মারামারি, হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, টুটুলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতি ও ছিনতাই মামলা (নং-১/২১৭) ছাড়াও বাকলিয়া থানায় মারামারি, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীর ওপর হামলা এবং বৈধ হেফাজত থেকে পলায়নসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
টুটুল চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বস্তুহারা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও মূলত নতুনব্রিজ, কালামিয়া বাজার ও বস্তুহারা এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
ওসি মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।













