বাংলাধারা ডেস্ক »
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর মহানগর তূর্ণা নিশিথা ও আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট ও রেলওয়ে থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, মন্দবাগ রেলস্টেশনের ভয়াবহ দুর্ঘটনাটি চালকের ভুলের কারণেই ঘটেছে। এ দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং আহত হয়েছে অর্ধশতাধিক।
মঙ্গলবার (১২ নভেম্বর) মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে লাল বাতি (সর্তক সংকেত) দেওয়া ছিল। কিন্তু তুর্ণার নিশীতার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানও এ কথা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে সচিব মোহাম্মদ মোফাজ্জল করিম, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
পরিদর্শন শেষে রেলওয়ে সচিব বলেন, রেলওয়ের পক্ষ থেকে ইতোমধ্যে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল ৯টা নাগাদ বগিগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে আখাউড়া হয়ে চট্টগ্রাম – ঢাকা ও আখাউড়া হয়ে চট্টগ্রাম – সিলেটসহ নোয়াখালীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হতাহতদের উদ্ধার কাজ চলছে।
বাংলাধারা/এফএস/টিএম












