সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯ টায় নিউইয়র্কের বাফালোর ইআরআই মেডিকেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগের কলেজ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে বিএনপিতে যোগদান করেন এবং পৌর বিএনপির সভাপতি হন। ওই বছরই তিনি সীতাকুণ্ড পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং একটানা ৯ বছর মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি আমেরিকায় মেয়ের কাছে চলে যান। এর পর থেকে এ যাবত বসবাস করে আসছেন। সম্প্রতি তার শরীরে ক্যান্সার ধরা পড়ে গত ১৫ দিন ধরে তিনি আইসিওতে ছিলেন।
এদিকে তার মৃত্যুতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়পার্টি, সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।












