১৪ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে ‘কিস্তি দিতে না পেরে’ ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি »

সীতাকুণ্ডে এক এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে নিজ বাড়ির পেছনে মো. হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাসান একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকায় ভ্যানে করে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন তিনি। চলতি বছরের শুরুতে একটি সেমিপাকা ঘরও তৈরি করেন। সোমবার স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরে আসেন শ্বশুর বাড়ি। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে বাড়ির পিছনে পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। সকাল ৬টার দিকে বাড়ির লোকেরা পিছনে পুকুর পাড়ে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, বিগত দুই বছর ঋণে জর্জরিত ছিলেন তিনি। তবে কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ