চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে শিমুল ধর (৫৬) নামে এক দোকান কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসদর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিমুল ধর চট্টগ্রামের ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের পুত্র এবং স্থানীয় বাজারের রহমান জুয়েলার্সের কর্মী।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ জানান, গতকাল রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর।
তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।













