সীতাকুণ্ড প্রতিনিধি »
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌরসভার নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে এ তারিখ ঘোষণা করেন। একই দিনে দেশের আরো ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রামের মধ্যে শুধুমাত্র সীতাকুণ্ডেই নির্বাচন হবে ঐ দিন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর হোসেন জানান, প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় একসাথে প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামের বিভাগের মধ্যে শুধুমাত্র সীতাকুণ্ড পৌরসভার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।
এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১০ ডিসেম্বর। একই কথা বলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
তিনি বলেন, পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে ইসির ঘোষণার পর এ সংবাদ গণমাধ্যমে প্রচারিত হবার পর সীতাকুণ্ডের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নড়ে চড়ে বসেন। রবিবার রাত থেকে তাদের তৎপরতা আরো বেড়েছে। সময়ের সাথে তাদের তৎপরতা আরো বৃদ্ধি পেয়ে এলাকায় আজ- থেকেই পুরোদমে নির্বাচনী হাওয়া বইবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রসঙ্গত, সীতাকুণ্ড পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৮১৩ জন। ভোট কেন্দ্র ১৭টি।
বাংলাধারা/এফএস/এআর












