সীতাকুণ্ডের পন্থিছিলায় শুকর ধরার পাতানো ফাঁদে আটকা পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত কৃষকের নাম মো. নুর উদ্দিন (৩৫)। তিনি উপজেলার পন্থিছিলা কাদের ভূঁইয়াপাড়া এলাকার মো. নুর ইসলামের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে এ নিহতের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নুর উদ্দিন প্রতিদিনের মত পাহাড়ে জুম চাষ করার উদ্দেশে পন্থিছিলা পাহাড়ের পাদদেশে যান। কাজ শেষে রাতে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় পথে শুকর ধরার পাতানো বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়লে তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন প্রতিবেশি ছুটে আসেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে এক অসাধু শিকারী শুকর ধরার জন্য এ ফাঁদটি বসিয়েছেন। আর নিয়মিতভাবে সে শুকর ধরে নিয়ে যান । স্থানীয় কৃষকরা এ ফাঁদটি সরানোর জন্য শিকারীকে বারবার বলা হলেও সে শুনেনি। যার ফলে এ নিরীহ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন বলেন, কৃষক নুর উদ্দিন শুকর ধরার ফাঁদে পড়েই নিহত হয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক সাংবাদিকদের বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ফাঁদ বসিয়ে বন্যপ্রাণী ধরা খুবই অপরাধ। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এফএস/এএ












