সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ত্রাস ২৭ মামলার আসামি কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার গভীর রাতে অভিযান চালিয়ে এরিশায়ন হাইওয়েন বায়েজিদ লিংক রোডের ৪ নং ব্রিজের নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে সীতাকুণ্ড থানায় তাকে হস্তান্তর করা হয়।
গ্রেফতার কাজী মশিউর রহমান খুলনার ফুলতলার পাটগ্রামের মৃত কাজী হাসানের পুত্র। তিনি বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার জাফরাবাদে বসবাস করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরিশায়ন হাইওয়েন বায়েজিদ লিংক রোডের ৪ নং ব্রীজের নীচ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭ টি মামলা রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কাজী মশিউর নামে একজন সন্ত্রাসীকে র্যাব গ্রেপ্তার করেন এবং সকালে থানায় হস্তান্তর করেন। তাকে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।












