চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসন এবং চসিক ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “আমার বাড়ি ভাটিয়ারী হলেও আমি ঘর থেকে বের হলেই পা রাখি সলিমপুরে। ভাটিয়ারী ও সলিমপুরের আলো-বাতাসে আমি বেড়ে উঠেছি। এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন সবই আমার চেনা জানা।”
তিনি বলেন, “সীতাকুন্ড তথা চট্টগ্রামের উন্নয়নের হাব হতে পারে সলিমপুর। সলিমপুর ও ভাটিয়ারীকে ঘিরে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা গেলে এই জনপদ উন্নয়ন ও সমৃদ্ধির স্বর্ণদ্বারে পরিণত হবে।”
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, “নির্বাচন আসলে অনেকেই মিথ্যা আশ্বাসের বুলি ছাড়েন। আমি সেটাতে অভ্যস্ত নই। তাছাড়া প্রতিপক্ষ প্রার্থীদেরও আমি সম্মান করি। তাই এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে কোনো বিরূপ মন্তব্য করিনি। এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার।”
তিনি বলেন, “আমি সবাইকে আহ্বান জানাবো নেতিবাচক প্রচার-প্রচারণা ছেড়ে ইতিবাচক হোন, নিজের যোগ্যতা ও পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করুন। এতে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে।”
সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সদস্য সচিব খ. ম. জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, সলিমপুর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান, মো. মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার, লোকমান হাকিম, মো. আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, একই দিন বিকেল ২টা ৩০ মিনিট থেকে নগরীর কর্ণেলহাট এলাকায় গণসংযোগ করেন আসলাম চৌধুরী। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন।













