১৩ মার্চ ২০২৬

সীমান্তে মিয়ানমারের সৈন্যসমাবেশ, রাষ্ট্রদূতকে তলব

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সেনাসমাবেশ করেছে মিয়ানমার। সীমান্ত এলাকায় অন্তত তিনটি পয়েন্টে গত কয়েক দিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে।

বিনা উসকানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের প্রতিবাদে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রোববার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার সেলের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন। এসময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি কূটনীতিক পত্র দেওয়ার কথাও তিনি জানান।

সন্দেহজনক গতিবিধির মাধ্যমে সেনাসমাবেশ দুই দেশের মধ্যে ভুল–বোঝাবুঝি সৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। পাশাপাশি ২০১৭ সালের আগস্টে রাখাইনে গণহত্যা শুরুর প্রাথমিক পর্বে এভাবেই সেখানে সৈন্যদের জড়ো করেছিলো মিয়ানমার সেনাবাহিনী। ফলে ১১ সেপ্টেম্বর ভোরে শুরু হওয়া সেনাসমাবেশের কারণে রাখাইনে এখন যেসব রোহিঙ্গা রয়েছেন, তাদের মধ্যে নতুন করে ভীতি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, গত শুক্রবার ভোরে কা নিউন ছুয়াং, মিন গা লার গি ও গার খু ইয় দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের এ তিন পয়েন্টে ট্রলার থেকে সৈন্যরা নেমেছেন। এর সীমান্ত পয়েন্টগুলোর মধ্যে অন্তত একটির দূরত্ব আন্তর্জাতিক সীমান্তের ২০০ মিটারের মধ্যে। ওই তিন পয়েন্টে মাছ ধরার ট্রলারের কাঠের নিচে বসিয়ে সৈন্যদের জড়ো করা হয়েছে।

শুক্রবার ভোরে একদিনেই এক হাজারের বেশি মিয়ানমারের সৈন্যদের সীমান্তে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ