২১ মার্চ ২০২৬

সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে সেনা নৌ ও বিমান বাহিনীকে একযোগে আধুনিক ও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অন্য দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী যেন কিছুতেই পিছিয়ে না থাকে সেটাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন রণকৌশল মহড়া পরিদর্শন করে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রামে গেলে তাদের প্রশংসা শোন যায়। সমরাস্ত্রের দিক থেকে তারা  যেন  বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে-সেভাবেই  গড়ে তোলা হচ্ছে। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের প্রদর্শিত এই প্রশিক্ষণ মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন, যা একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনীর উৎকৃষ্ট দৃষ্টান্ত। কারো দ্বারস্থ না হয়ে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।এছাড়া,সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত করে আরও উন্নয়ন করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার কথাও জানান সরকার প্রধান। পরে এই দ্বীপে সাইক্লোন শেল্টারে বিদ্যুৎকেন্দ্র এবং বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

স্বর্ণদ্বীপ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৬৬ পদাতিক ডিভিশন প্রধানমন্ত্রীর সম্মানে শীতকালীন এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। প্রশিক্ষণে ৫৮ জন অফিসারসহ ১৪০০ সেনা সদস্য অংশ নেন। স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। স্বর্ণদীপ সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ এলাকা। এখান থেকে ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন ২৫ হাজার সেনাসদস্য ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন