১৭ মার্চ ২০২৬

সেন্টমার্টিনগামী বে ওয়ান জাহাজে ধোঁয়া, আনা হচ্ছে চট্টগ্রামে

বাংলাধারা প্রতিবেদক »

নগরীর পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ক্রুজ শিপ বে ওয়ানের ১টি ইঞ্জিন বিকল হওয়ায় ফিরিয়ে আনা হচ্ছে। বন্দরের শক্তিশালী টাগবোট এ কাজে সহায়তা করছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে টাগবোট ‘কাণ্ডারী ১০’ ক্রুজ শিপটিকে নিয়ে যাত্রা শুরু করে। জাহাজের একটি ইঞ্জিন সচল রয়েছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বে ওয়ান পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়। আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে বলে জানান জাহাজে দায়িত্বরতরা।

জাহাজের যাত্রী মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু জানান, জাহাজে একজন সাবেক মন্ত্রীসহ অনেক বিশিষ্ট ব্যক্তি ও নানা বয়সী পর্যটক রয়েছেন। তারা সেন্টমার্টিন না নিয়ে জাহাজটি চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসতে বলেন। এরপর উদ্বেগ উৎকণ্ঠায় হাজারো যাত্রীর রাত কাটে। নারী ও শিশুসহ পর্যটকদের মধ্যে যারা প্রথম সমুদ্রযাত্রা করছেন তারা বেশি ভয় পেয়েছিলেন। সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বে ওয়ানের এ ট্রিপের যাত্রীদের স্বজনদের উদ্বেগ ছিল বেশি।

যাত্রীদের অভিযোগ, জাহাজ কর্তৃপক্ষ ইঞ্জিনের সমস্যা, ধোঁয়া, আগুনের খবর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড বা দায়িত্বশীলদের জানায়নি। যাত্রীরাই স্বজনদের দুর্ভোগের কথা জানান। আতঙ্কিত যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো হয়। এ সময় তারা প্রার্থনা করতে থাকেন। গভীর সাগরে থাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যায় পড়েন অনেকে।

আরও পড়ুন