১৩ মার্চ ২০২৬

সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল স্কুল ছাত্র

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর কুড়িল রেললাইনের ওপর দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে সেলফি তুলতে গিয়ে মো. ইমরান (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গে থাকা বন্ধু আল রাফি (১৬)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন।

নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে। হতাহত দুজনই স্থানীয় গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ইমরানের সহপাঠীরা জানায়, বন্ধুদের সঙ্গে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে বের হয়েছিল ইমরান । এর এক পর্যায়ে কুড়িল এলাকার রেল লাইনের ওপর দাঁড়িয়ে রাফি সেলফি তুলছিল। সেলফিতে থাকতে তার পাশেই ছিল ইমরান। সে সময় পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার ঠিক আগমুহুর্তে রাফি একটি সেলফি তোলেন। ওই ছবিতে রেল লাইনের ওপর রাফিকে সেলফি তুলতে এবং ইমরানকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের কিছুটা পেছনে ওই লাইন দিয়ে এগিয়ে আসা ট্রেনটিও ছিল।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ