৩০ মার্চ ২০২৬

সোলাইমানিকে হত্যার পরিকল্পনাকারী নিহত

বাংলাধারা ডেস্ক »

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরিকল্পনাকারী মাইকেল ডি আন্দ্রেয়া নিহত হয়েছেন।

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গতকাল (সোমবার) আমেরিকার যে গোয়েন্দা বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে মার্কিন গোয়েন্দা সংস্থার অপারেশন বিভাগের প্রধান মাইকেল ডি আন্দ্রেয়া ছিলেন।

রাশিয়ার কয়েকটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আমেরিকার ভেটারন্স টুডের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় আমেরিকার গোয়েন্দা সংস্থার মোট ছয়জন নিহত হয় যার মধ্যে আন্দ্রেয়া রয়েছেন।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল মুহান্দিসসহ তাদের ১০ নিরাপত্তারক্ষীকে হত্যা করে। এই ড্রোন হামলার নেতৃত্ব দেন মাইকেল আন্দ্রেয়া।

এদিকে আফগান তালেবান জানিয়েছে, বিধ্বস্ত বিমান উদ্ধার আফগানিস্তানের সরকারি সেনারা কয়েক দফা চেষ্টা চালালেও তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। তালেবান দাবি করেছে, বিমানটি তারা ভূপাতিত করেছে এবং বিমানের আরোহী গোয়েন্দা কর্মকর্তাদের লাশ উদ্ধারের জন্য কোন টিম গেলে শুধুমাত্র তাদেরকে লাশ উদ্ধারের অনুমতি দেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন