৩১ মার্চ ২০২৬

স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

বগুড়ায় স্ত্রীকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় স্বামী সোহেল হোসেন (৪০) মারা গেছেন। আহত হয়েছেন স্ত্রী ফারজানা, অপর পরীক্ষার্থী তানিয়া, মাইক্রোবাস চালক পিযুষসহ আটজন। শুক্রবার (৩০ আগস্ট) সকালে শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামের মাওলানা সোলায়মান ফকিরের ছেলে সোহেল হোসেন মোলামগাড়ি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিলেন। শুক্রবার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়ার কথা ছিল সোহেলের স্ত্রী ফারজানার। কেন্দ্র ছিল বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়। শুক্রবার সকালে সোহেল তার স্ত্রী ফারজানা, অপর পরীক্ষার্থী তানিয়াসহ ৯জন একটি মাইক্রোবাসে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে বগুড়ার ওই কেন্দ্রের দিকে রওনা হন। সকাল পৌনে ৯টার দিকে মাইক্রোবাসটি পরীক্ষা কেন্দ্রের কাছে পৌঁছে। এসময় চালক পিযুষ সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলের ড্রাম বোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২২-৩৭১৩) ধাক্কা দেন। এতে মাইক্রোবাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা আহত সোহেলসহ বাকিদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল কুদ্দুস জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারজানা, তানিয়া ও পিযুষকে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রাক ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন