দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে এবার ৬ হাজার ৫৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া স্বর্ণের দামের পাশাপাশি বাড়ানো হয়েছে রূপার দাম।
বুধবার, ৮ এপ্রিল সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) ও রূপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি দাম ৫ হাজার ৫৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ২২০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি দাম ৫ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে দাম এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে স্বর্ণের দামের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৮৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৬ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়।












