৩০ মার্চ ২০২৬

হাটহাজারীতে অসহায় ১৫ মধ্যবিত্ত পরিবার পেল ইউএনও’র ‘ভালবাসার থলে’

বাংলাধারা প্রতিবেদন »  

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকারের দেয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের হত দরিদ্রদের সাহায্য চালিয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠান। এ অবস্থায় কর্মসংস্থান হারানো অসহায় মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তাদের সহযোগিতা করার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। তিনি এবার অসহায় ১৫ মধ্যবিত্ত পরিবারকে দিলেন ত্রাণ ভরা ‘ভালবাসার থলে’।

রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তারই উপহার স্বরূপ ইউএনও’র পক্ষ থেকে অসহায় এসব পরিবারকে প্রেরণ করা হয় খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

এ ব্যাপারে জানতে চাইলে রুহুল আমিন বাংলাধারাকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী বন্ধের কারণে কর্মসংস্থান হারানো মধ্যবিত্ত কিছু মানুষ এমন কষ্টের মাঝে আছে যা ভাষায় প্রকাশ যায় না। তারা কাউকে বলতেও পারে না, কারোর নিকট হাত পাততেও পারে না। এমন কিছু অসহায় ১৫ পরিবারকে আজ সন্ধ্যায় ব্যক্তিগত উদ্যোগে ত্রাণের থলে বদলে দিলাম ত্রাণ ভরা ‘ভালবাসার থলে’।

আরও ৪৫০ পরিবারকে সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন