চট্টগ্রামের হাটহাজারীতে অয়ন দাশ (৩৫) নামের এক সেলুন কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে হঠাৎ প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে বিষয়টি জানান। পরে তিনি হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ভাড়া বাসার তালাবদ্ধ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়ন দাশের অর্ধ গলিত লাশটি রুম থেকে বের করে বাইরে নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।












