বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকানে জমজমাট ভিড় লেগেই থাকে। সরকারী নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়াতে করোনার প্রভাব শেষ হবার আগ পর্যন্ত সকল চা দোকানের টেলিভিশন স্ব স্ব ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ছিপাতলী ইউনিয়নের কয়েকটি চায়ের দোকান থেকে তিনটি টেলিভিশন সরিয়ে নেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের চায়ের দোকানে জমজমাট ভিড় থাকে। এই ভিড়ের অন্যতম কারন হচ্ছে চায়ের দোকানে টেলিভিশন। এখানে কেউ বাংলা ছবি কেউ সংবাদ দেখে কেউ গান দেখে আড্ডা দেয় এবং এক কাপ চা এক ঘন্টা ধরে খায়। তাই ইউনিয়নের সকল চায়ের দোকানের টেলিভিশন আপাতত করোনার প্রভাব শেষ হবার আগ পর্যন্ত স্ব স্ব ইউনিয়ন পরিষদের জিম্মায় থাকবে।
তিনি আরও বলেন, আজ ছিপাতলী ইউনিয়ন এর বিভিন্ন বাজারে (বোয়ালিয়া মুখ, ইসলামিয়া হাট, ঈদগাহ স্কুল, লাল মোহাম্মদ ব্রিজের পাশে, গাউছিয়া মাদ্রাসা এলাকা) সামাজিক দুরত্ব নিশ্চিত করনার্থে তিনটি টেলিভিশন চায়ের দোকান থেকে সরিয়ে নিয়ে ইউনিয়ন পরিষদ এর জিম্মায় নেয়া হয়েছে। সকল ইউনিয়ন পরিষদ আজ থেকেই এটা বাস্তবায়ন করার অনুরোধ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












