হাটহাজারী প্রতিনিধি»
ফটিকছড়ির নাজিরহাটের ঝংকার এলাকায় বাসে ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা নারীসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ি থেকে অ্যাম্বুলেন্স করে এক অন্তঃসত্ত্বা নারীকে চট্টগ্রাম নগরীর হাসপাতালে নেওয়ার পথে নাজিরহাট ঝংকার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইজভাণ্ডারগামী একটি বেপরোয়া বাস অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় আহত অন্তঃসত্ত্বা মহিলার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ধাওয়া করে সরকারহাট এলাকায় বাসটি আটক করেন স্থানীয়রা।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন বাংলাধারাকে বলেন, ‘মধ্যরাতে অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারার ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ ২ জন আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে স্থানীয় লোকজন ধাওয়া করে সরকারহাট এলাকায় আটক করতে সক্ষম হয়েছে।‘
বাংলাধারা/এফএস/এফএস












