বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসদরের ফকিরবাড়ি এলাকা থেকে মো. ইউছুপ প্রকাশ গুন্ডু মিয়া নামে (৪৫) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার (২২ নভেম্বর) ফকির মসজিদের উত্তর পাশে পল্লীশ্রী ভবনের প্রবাসী বদরুল আলমের বাড়ীর সামনে পরিত্যক্ত পুকুরে পানিতে ভাসমান যুবকের লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সুত্রের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে নেশাগ্রস্ত যুবকটি গত ১৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। পরিবার ও পুলিশের ধারনা নেশা করে মাতাল হয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন ওই যুবক।
নিহত মো. ইউছুপ প্রকাশ গুন্ডু মিয়া (৪৫) পৌরসভার পশ্চিম দেওয়ান নগর গ্রামের রঙ্গিপাড়া এলাকার পেয়ারি বাপের বাড়ির মৃত নুর হোসেনের ছেলে। ইউছুপ হাটহাজারী বাজারে খুচরা সবজি, মাছ বিক্রি করতেন বলা জানা যায়।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, আমরা সকালে এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের এস আই রফিকুল ইসলাম এর ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পরিত্যক্ত পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
তিনি বলেন পরিবারের দাবী প্রায়ই মাতাল থাকত ওই যুবক। পরিবারের ধারনা হয়ত নেশা করে মাতাল হয়েই তিনি পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।
বাংলাধারা/এফএস/ওএস












