জেলা প্রতিনিধি, কক্সবাজার»
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলার আংশিক কমিটি ঘোষণা হয়েছে। ২৫ জানুয়ারি (শুক্রবার) দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যায় কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সকালে কক্সবাজার শহরের লালদিঘির পাড়স্থ শ্রী শ্রী সরস্বতি বাড়ি প্রাঙ্গণে সম্মেলনের সূচনা হয়।
সম্মেলন শেষে সন্ধ্যায় কাউন্সিলে ঘোষিত কমিটির সভাপতি হয়েছেন বুলবুল তালুকদার, নির্বাহি সভাপতি স্বপন গুহ, সাধারণ সম্পাদক শ্রীমন্ত পাল সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত মিঠুন আচার্য ও সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দে।
ঘোষিত আংশিক কমিটির দায়িত্বশীলগণ শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে উল্লেখ করেছেন নতুন সভাপতি বুলবুল তালুকদার।
সকালে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক বুলবুল তালুকদারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রণজিত দাশ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সংস্কৃতি বিভাগ) এবং সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা কুশলবরণ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রথমার্ধে, গায়ত্রী মন্ত্রপাঠ, মাতৃপূজা, অনাথ শিশুদের মাঝে শয্যা সামগ্রী বিতরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, পবিত্র গীতা পাঠ ও আলোচনা সভা হয়। দ্বিতীয়ার্ধে মহাপ্রসাদ আস্বাদন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমনটও জানিয়েছেন জেলা আহবায়ক বুলবুল তালুকদার।












