বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাস প্রতিরোধে করোনা আক্রান্ত ব্যক্তি এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তি ও বিদেশ হতে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবার “নিরাপদ-Stay Home, Stay Safe” নামের একটি অ্যাপ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর দামপাড়ায় সিএমপির সদর দফতরের কনফারেন্স হলে এই অ্যাপটি উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
মাহাবুবর রহমান বলেন, নিরাপদ-Stay Home, Stay Safe”(https://inovacetech.com) এই অ্যাপ জিও ফেন্সিং টেকনোলজির মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করবে। এটি ব্যবহারের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে থাকা কোন ব্যক্তি নির্দিষ্ট স্থানের বাহিরে যাওয়ার চেষ্টা করলে উক্ত ব্যক্তিকে নোটিফিকেশনের মাধ্যমে সর্তক করবে এবং ওয়েব ভিত্তিক এ্যাডমিন প্যানেলের মাধ্যমে থানার মনিটরিং ইউনিটকে তাৎক্ষনিক তথ্য প্রদান করবে। যার ফলে হোম কোয়ারেন্টাইন মনিটরিং কার্যক্রম তাৎক্ষনিক, কার্যকর এবং সময় সাশ্রয়ী হবে। এই অ্যাপ ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের সংস্পর্শজনিত কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে নগরীর ১৬টি থানায় এটির কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে এই অ্যাপ এবং ওয়েব বেইজড সিস্টেম (থানা ভিত্তিক মনিটরিং কার্যক্রম) এর কার্যক্রম বিস্তৃত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খানসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনাররা।
উল্লেখ্য এই অ্যাপের আওতায় বর্তমানে ৪১ জন হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে মনিটরিং করা হচ্ছে। INOVACE TECHNOLOGIES জনস্বার্থে বিনামূল্যে এই অ্যাপ সেবাটি প্রদান করছে।
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.inovacetech.nirapod_staysafe
Short link : https://bit.ly/3b38পমদ
বাংলাধারা/এফএস/টিএম












