বাংলাধারা ডেস্ক »
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই লকডাউন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আমাদেরকে টোটাল (সর্বাত্মক) লকডাউনের দিকে যেতে হচ্ছে। আগামী রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।’
শুক্রবার (০৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের মধ্যে জরুরি সেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
‘১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সবকিছুই বন্ধ থাকবে। আশা করছি, দেশের মানুষ নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি চিন্তা করে যে যেখানে আছেন সেখানেই অবস্থান করবেন। সর্বাত্মক লকডাউন সফল করার বিষয়ে জনগণকে আরও সচেতন হতে হবে।’
ফরহাদ হোসেন বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে ২০ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এআর












