বাংলাধারা প্রতিবেদন »
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার পরিস্থিতি দীর্ঘস্থায়ী না হলে কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের মাধ্যমিক প্রতিষ্ঠানে ২০২২ সালেই কারিগরি শিক্ষা চালু হবে।
সোমবার (৩১ আগস্ট) ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা: এসডিজি অর্জনে করণীয়’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা বিয়ষক রিপোর্টাদের সংগঠন এডুকেশন রিপোর্টাস এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কারিগরি শিক্ষার হার আরো বৃদ্ধি পাবে। আমাদের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে। এগুলো হবে অত্যন্ত আধুনিক মানের। এ কারণে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাতেও আমরা কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করে তুলছি। নবম দশম শ্রেণিতে অন্তত দুটি ট্রেড বাধ্যতামূলক করার ব্যবস্থা নিয়েছি। আশা করেছিলাম ২০২১ সালে চালু করব। কিন্তু করোনার পরিস্থিতি দীর্ঘস্থায়ী না হলে আশা করছি ২০২২ সালে সবস্থানে চালু করতে পারবো।
ডা. দীপু মনি বলেন, কারিগরি শিক্ষার প্রসারে প্রয়োজন মানোন্নয়ন। আমাদের দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হয়নি। সেই নিয়োগ দেবার বড় উদ্যোগ নিয়েছি। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। মানসম্মত ল্যাব, ইকুইপমেন্ট এগুলো থাকতে হবে, ইন্ডাস্ট্রিজ ও একাডেমির মধ্যে সংযুক্তি খুব জরুরি।
তিনি বলেন, শর্ট কোর্স নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু আমাদের মডিউলার শিক্ষাতে যেতেই হবে। কারণ আজকে একটা ডিগ্রি করে কাজে যাবো। এরপর আমার কিন্তু বারবার ডিগ্রি করতে আসার সুযোগ নেই। কাজেই ডিগ্রির কোর্সটাকে ভেঙে ভেঙে মডিউল করতে হবে। যার যে মডিউল প্রয়োজন সেটাতে সে শিক্ষার্থী হবে।
মন্ত্রী আরো বলেন, যখন এমপিওভুক্তি করছি তখন প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন, এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করলে অনুমোদন নিয়ে স্থাপন করতে হবে। প্রায়শই দেখা যায়, যত্রতত্র যেকোনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে ফেলেন। নানানভাবে চাপ প্রয়োগ করেন অনুমোদন দেয়া হোক। গত কয়েকবছর শর্তসাপেক্ষে বলা হচ্ছে, আর কেউ এমপিওভুক্তি চাইবে না। কিন্তু সকলেই এমপিও চায়। সরকারের আর্থিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরেও যদি প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান হতে থাকে তবে সরকারের একুমোলেটেড করার সাধ্য কতোটুকু আছে সেটাও বুজতে হবে।
শিক্ষামন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কারিগরির অনেক সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাকি বলেন, তারা শিক্ষার্থীদের জীবন নষ্ট করছেন। আমি জানতে চাই তারা কোন শিক্ষক। আর কারিগরির শিক্ষকরা এটা কী করে বলেন? কারণ কারিগরির কোন শিক্ষার্থী বেকার থাকছে? তাদের কর্মসংস্থান হচ্ছে। বরং যারা অন্যান্য শিক্ষায় আছে তারা সনদধারী হয়েও কর্মসংস্থান হচ্ছে না। আমাদের এদিকেও মনোযোগ দিতে হবে, সবাইকে চাকরি খুঁজলে হবে না। উদ্যোক্তা হবে, অনেককেই নিজের কর্মসংস্থান নিজেকেই সৃষ্টি করতে হবে। কাজেই সেই মনোভাবটিও আমাদের গড়তে হবে।
তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষকদের বিষয়টি আমরা অবগত আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি খুব গুরুত্ব নিয়ে দেখছেন। তিনি সম্মতি দিয়েছেন। এটি নিয়ে কাজ চলছে। খুব শিগগিরই তাদের এমপিওভুক্তির আওতায় নিয়ে আসা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এছাড়া এমপিওভুক্তকরণের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো ঠিক করতে আমরা কাজ শুরু করেছি। এমপিও নীতিমালা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই ইবতেদায়ী মাদ্রাসার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পড়াশোনা করে চাকরির জন্য বসে থাকলে হবে না, তাকে উদ্যোক্তা হতে হবে। আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি জোর দিতে চাচ্ছি।
ইরাবের সভাপতি মোসতাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নিজামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরাদ হোসেন মোল্লা, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












