৩০ মার্চ ২০২৬

২০ কোটি টাকা আত্মসাৎ: ৪ শিল্পপতির বিরুদ্ধে মামলা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে এ বি ব্যাংকের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের দায়ে চার শিল্পপতির বিরুদ্ধ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।

মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম ও তার ছেলে নাহার ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়াইব এবং নুরজাহান গ্রুপের মাররীন ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহাম্মদ ও তার ভাই একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান টিপু সুলতান এবং এ বি ব্যাংকের সাবেক এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার মো. আশরাফুল আজিজকে অভিযুক্ত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এ বি ব্যাংকের চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ শাখা থেকে টাইম লোন নিয়ে আসামিরা পরস্পরের যোগসাজশে ভূয়া দলিল দাখিল করে মালামাল কেনাবেচার ছদ্মাবরণে ১৯ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৮২২ টাকা ৮০ পয়সা আত্মসাত করেছেন। তারা জ্ঞাতসারে সেই অর্থ ট্রান্সফার ও লেয়ারিং করে অর্থের অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দন্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬২ (ক ও খ), ৪৬৮, ৪৭১, ১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা এবং ২০০৯ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ধারায় অপরাধ করেছেন বলে মামলার দায়ের করা হয়েছে বলে জানান দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারি পরিচালক মো. হোসাইন শরীফ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন