বাংলাধারা ডেস্ক »
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩৮ জন। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীরাই বেশি আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬৬ জন, যা সাকুল্যে এই পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জন। বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ সংক্রমিত ব্যক্তির বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে, শতকরা ২১ ভাগ। এর পরবর্তীতে রয়েছে ৩১ থেকে ৪০ বছর বয়স, শতকরা ১৯ ভাগের মতো এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, শতকরা ১৫ ভাগের মতো। মোটামুটি আমরা দেখতে পাই ২১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।’
আইইডিসিআর পরিচালক আরও বলেন, ‘নারী পুরুষ বিভাজনে দেখা যায় শতকরা ৬৮ ভাগ পুরুষ। আর নারী ৩২ ভাগ। জায়গার বিশ্লেষণে দেখা যায় শতকরা ৪৬ ভাগ ঢাকা শহরের। এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, শতকরা ২০ ভাগ। এর পরে নতুন করে আমরা অনেক রোগী দেখতে পাচ্ছি গাজীপুরে। এর পরবর্তীতে চট্টগ্রাম, মুন্সীগঞ্জে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’
ঢাকা শহরে এলাকাভিত্তিক সংক্রমণের তথ্য জানিয়ে ডা. সেব্রিনা বলেন, ‘ঢাকা শহরের মধ্যে আক্রান্ত বা সংক্রমণের সংখ্যা বিশ্লেষণ করে দেখেছি, বড়ভাবে যদি বলি তাহলে সেটা মিরপুরে সবচেয়ে বেশি। আমরা দেখেছিলাম টোলারবাগে সংক্রমণ বেশি ছিল। এখন মিরপুরের বিভিন্ন অঞ্চল এবং টোলারবাগের এই পুরোটা এরিয়া ধরে আমরা যদি বলি, এটা শতকরা প্রায় ১১ ভাগ। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা।’
বাংলাধারা/এফএস/টিএম












