১৩ মার্চ ২০২৬

৩ সেপ্টেম্বর বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তবে এ অবস্থায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে বাফুফে। যা অনুমোদন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সব ঠিক থাকলে এজিএম ও নির্বাচন হবে ৩ অক্টোবর। তার একমাস আগে অর্থাৎ ৩ সেপ্টেম্বর হবে নির্বাচনের তফসিল ঘোষণা। 

বাফুফে’র নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে নির্বাচন কমিশন বুধবার বসেছিল সভায়। বিকেল ৩টায় বাফুফে ভবনে কমিশনের চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত হয়- নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ৩ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন প্রধান মেসবাহ উদ্দিন জানালেন ভোটের কমপক্ষে ১৫ দিন আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে চান তারা।

এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আগামী ৩ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে এক মাস আগেই নির্বাচনী তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা আর প্রার্থীদের আচরণবিধিসহ অন্য বিষয় নিয়েও অলোচনা করেছে নির্বাচন কমিশন।’

বাফুফে নির্বাচনে এএফসি প্রতিনিধি পাঠাতে পারে। শেষ পর্যন্ত কোন কারণে না আসতে পারলে, এএফসি নির্বাচন পর্যবেক্ষণ করবে অনলাইনে। একইসঙ্গে দৃষ্টি রাখছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও।

এর আগে গত ২০ এপ্রিল বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পুরো দৃশ্যপটই পাল্টে যায়। আর তাই মেয়াদ উত্তীর্ণ কমিটিকে কাজ চালানোর অনুমতি দেয় এএফসি।  

বাংলাধারা/এফএস/টিএম/ ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ