১৪ মার্চ ২০২৬

৫০ হাজারে রোহিঙ্গাদের এনআইডি দিচ্ছে ‘নির্বাচন কমিশনের’ কর্মচারীরা

বাংলাধারা প্রতিবেদন »

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দিচ্ছে বেশ কয়েকটি সংগবদ্ধ চক্র। এ চক্রগুলোর সাথে টেকনাফের বেশ কয়েকজন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোকজন জড়িত থাকার অভিযোগছিল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রোহিঙ্গাদের এনআইডি তৈরী করে দেয়ার অভিযোগে নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের কর্মচারী জয়নাল আবেদীন সহ তার বন্ধু বিজয় দাস এবং তার বোন সীমা দাসকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানায়, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ করলে তৈরি হয়ে যায় রোহিঙ্গা এনআইডি। এই চক্র চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলাধারাকে বলেন, ‘জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে পারলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রজেক্ট থেকে চাকরিচ্যুত সাগর (৩৭) এই জালিয়াত চক্রের মাস্টারমাইন্ড। তদন্ত শুরুর পর থেকে তিনি আত্মগোপনে। এ চক্রের আরেক সদস্য সত্য সুন্দর দে কে (৩৬) খুঁজছে পুলিশ।’

তিনি আরো বলেন, ‘এ চক্রের নারী সদস্য সুমাইয়া ওরফে সীমা দাস। এই সীমা দাসের কাছ থেকেই নির্বাচন কমিশনের লাইসেন্স করা ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। এই সীমা ওরফে সুমাইয়ার প্রকৃত পরিচয় বের করা প্রয়োজন।’

সীমা দাস সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, সীমা দাস হিন্দু থেকে মুসলিম হয়েছেন। তবে আমরা তার এই পরিচয়ের সত্যতা যাচাই-বাছাই করছি।’


লাকি আক্তার ও তার স্বামী। লাকি আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে এনআইডি জালিয়াতির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে

এদিকে রোহিঙ্গা নারী রমজান বিবি ওরফে লাকীর জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনায় করা মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। 

শরণার্থী হিসেবে বাংলাদেশের কক্সবাজারে থাকা অনেক রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র করে পাসপোর্টও নেওয়ার ঘটনা প্রকাশের পর তা তদন্তের উদ্যোগ নেয় ইসি।

এরপর সোমবার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে অফিস সহায়ক জয়নাল আবেদীনকে আটক করে পুলিশে দেয় নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা। পরে তার কাছ থেকে ‘হারিয়ে’ যাওয়া একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

রাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, সম্প্রতি কক্সবাজারে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সময় পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায় যে চট্টগ্রামে কর্মরত জয়নাল আবেদীনের সহায়তায় তারা ভোটার হওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি আরও জানান, কক্সবাজারে আটক হওয়াদের তথ্য নিয়ে তাদের একটি দল জয়নালকে জিজ্ঞাসাবাদ করে। এসময় জয়নাল তার কাছে একটি ল্যাপটপ থাকার কথা স্বীকার করেন এবং তা তার বন্ধু বিজয়ের কাছে আছে বলে জানান।

এরপর বিজয়কে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনা হলে তিনি বলেন, ল্যাপটপটি তার বোন সীমার কাছে আছে।

সীমা ল্যাপটপটি নিয়ে রাতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এলে তাদের তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

ইসির চুরি হওয়া ল্যাপটপ দিয়েই রোহিঙ্গাদের এনআইডি

২০১৫ সালে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ইনপুট করার জন্য ব্যবহৃত বিশেষ একটি ল্যাপটপ (আইপি নম্বর ৪৩৯১) চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিস থেকে গায়েব হয়। ভোটার তালিকা তৈরির জন্য ব্যবহৃত ওই ল্যাপটপটি দিয়েই রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।

তিনি বলেন, ‘জয়নাল আবেদীনের হেফাজতে থাকা নির্বাচন কমিশনের লাইসেন্স করা ল্যাপটপটি ব্যবহার করে ওয়েবক্যাম দিয়ে ছবি তোলাসহ জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব কাজই করা যায়। জাতীয় তথ্যভান্ডারে এন্ট্রিও দেয়া যায়। এই ল্যাপটপটি ব্যবহার করেই তারা এনআইডি জালিয়াতি করেছে। এই চক্রের সঙ্গে আরও কর্মচারী জড়িত থাকার তথ্য আছে। তাদেরও পর্যায়ক্রমে তদন্তের মাধ্যমে বের করা হবে।

এদিকে ল্যাপটপ খোয়া যাওয়া এবং রোহিঙ্গাদের ভোটার করার পেছনে নির্বাচন কার্যালয়ের কারও যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করছে দুদক। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে দুদকের একটি দল রোহিঙ্গাদের ভোটার হওয়ার বিষয়ে অনুসন্ধানের পরে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন এ কথা জানান।

তিনি জানান, ২০১৫ সালে চট্টগ্রাম নির্বাচন অফিসে ব্যবহৃত একটি ল্যাপটপ (আইপি নম্বর ৪৩৯১) হারিয়ে যায়। কিন্তু এটা হারিয়ে যাওয়ার পর ইসির কর্মকর্তারা এ ঘটনায় কোনো পদক্ষেপই নেয়নি। এমনকি একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। এ বিষয়ে জেলা কর্মকর্তা কিংবা আঞ্চলিক কর্মকর্তা কোনো তথ্য জানেন না। আমাদের ধারণা, ওই ল্যাপটপে বাঁশখালীর একটি অংশের বেশ কিছু রোহিঙ্গা ভোটারের তথ্য রয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামের পাসপোর্ট ও ভিসা অফিস থেকে এনআইডি পেয়েছেন এমন ১৫৪ জন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ