ক্রীড়া ডেস্ক»
৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের শুরুতেই পরিণত হয়েছে ধ্বংস্তূপে। ১১ রান ও হাতে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় প্রথম ঘন্টাতেই। ৪২ রান যোগ করে দলীয় ৫৩ রানেই অলআউট টাইগাররা। ডারবানে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ২০১৩ সালের পর ডারবানে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক টেস্টে দ্বিতীয় ইনিংসে আজকের ৫৩ রানই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। এর আগে দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৬ রান। কলম্বোতে ২০০৫ সালে এই রেকর্ডটি গড়েছিল বাংলাদেশ দল। আর দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বনিম্ন রান হলো মাত্র ৪৩। ২০০৭ সালে নর্থ সাউদ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিল টাইগাররা।
সোমবার ডারবানের কিংসমেডে পঞ্চম দিনের খেলায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। যেখানে চতুর্থ দিন দলীয় ১১ রানে ৩ উইকেট হারিয়ে শেষ করেছিল। তবে শেষ দিন নেমে উইকেট বিলাতে থাকেন ব্যাটাররা। অবশেষে মোট ১৯ ওভার ব্যাট করে ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
মুশফিকুর রহিম শূন্য, লিটন দাস ২ ও ইয়াসির আলী রাব্বি ব্যক্তিগত ৫ রানে ফেরেন। শুরুর এই তিনটি উইকেটই নেন স্পিনার কেশভ মাহরাজ। এরই মধ্যে ৫ উইকেট দখল করে ফেলেন তিনি।












