চট্টগ্রামে অভিযান চালিয়ে মামলা রুজুর মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে চাপাতিসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি মো. আলতাফ হোসেন (২৩) ও মো. হাসান (২২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলতাফ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী ও সদরঘাট থানা ছাড়াও চট্টগ্রাম রেলওয়ে থানায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
একইভাবে হাসানের বিরুদ্ধেও ডবলমুরিং ও সদরঘাট থানায় চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন।













