৩১ মার্চ ২০২৬

৮ দিন পর বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ চালু

বাংলাধারা প্রতিবেদন »

টানা ১২দিনের প্রবল বর্ষণের কারনে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় জেলার সাথে গত ৮দিন ধরে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সড়ক থেকে পানি নেমে যাওয়ার কারণে আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে সড়ক যোগাযোগ চালু হয়েছে।

বান্দরবান কেরাণীহাট সড়কের বাজালিয়ার বড়দোয়ার এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারনে গত ৯ জুলাই থেকে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে, ফলে বেড়ে যায় নিত্য পন্যের দাম।

জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডসহ ৭টি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে ধসে পড়ে সড়ক, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়িসহ ফসলের।

১৯৯৭ সালের পর বান্দরবানে এই ধরণের ভয়াবহ বন্যা আর দেখা যায়নি বলে মনে করছে স্থানীয়রা। প্রবল বৃষ্টির কারণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ার কারণে জেলার রোয়াংছড়ি, থানচি, রুমা উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শীঘ্রই সড়ক যোগাযোগ স্বাভাবিক করে যান চলাচলের উপযুক্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন