বাংলাধারা প্রতিবেদক»
নগরীর সিরাজউদ্দৌলা রোড ও আন্দরকিল্লা মোড়ে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে ৮০টি দোকানের বর্ধিতাংশ ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
চসিক সূত্রে জানা যায়, অবৈধভাবে দোকানের অংশ বর্ধিত করায় রাস্তা ও ফুটপাতে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটছিল। তাছাড়া অনেকগুলো দোকানের শেড বৃদ্ধি করে ফুটপাতের উপর চলে এসেছে। তাই শেডগুলো উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া মাছুয়াঝর্ণা এলাকায় নালার উপর গড়ে তোলা একটি দোকান সম্পূর্ণভাবে ভেঙ্গে দেয়া হয়।
এদিকে আন্দরকিল্লা মোড়ে শাহী জামে মসজিদের সিঁড়ির নিচের ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া স্থাপিত ব্যবসা-প্রতিষ্ঠানের সাইনবোর্ডও উচ্ছেদ করা হয় অভিযানে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।
বাংলাধারা/এসআরটি












