পটিয়া প্রতিনিধি »
পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী অপহরনের ৮ দিন পরও এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপহরণকারী করিমের মা হাজেরা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানয়েছে পুলিশ।
জানা যায়, গত ১৭ জুলাই স্কুলে যাওয়ার পথে মক্কা ভিলার সামনে থেকে করিম নামে এক চালক প্রাইভেট কারে জোর করে তুলে নিয়ে যায় স্কুলছাত্রীটিকে। স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করার খবর ছড়িয়ে পড়লে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে লিখিতভাবে জানান। পরবর্তীতে মেয়ের পিতা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করে।
অপহরণ করে নিয়ে যাওয়ার ৮ দিন পার হলেও এখনো অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার কিংবা অপহরণকারীকে গ্রেফতার করতে না পারায় পটিয়াজুড়ে বইছে নানা গুন্জন।
এ ব্যাপারে পটিয়া থানা পুলিশ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে ইতিমধ্যে অপহরণকারীর মা হাজেরা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর তথ্য জানিয়েছে।
এদিকে অপহৃত স্কুল ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে গত সোমবার গভীর রাতে স্কুল ছাত্রীর মায়ের মোবাইল নাম্বারে অজ্ঞাতব্যক্তি ফোন করে চুপ থাকে। কোন ধরনের সাড়া শব্দ না পেলে মায়ের সন্দেহ আরো বেড়ে যায়। মঙ্গলবার সকালে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনকে মোবাইল ফোনে অবহিত করা হয়েছে।
অপহৃত মেয়ের বাবা অভিযোগ করেছেন, থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উদ্ধার কাজে গাফিলতি করছে। স্কুল ছাত্রীকে জীবিত উদ্ধার করতে প্রশাসনের জোর পদক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বাংলাধারাকে জানান, স্কুল ছাত্রী অপহরণ করার দায়ে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। গাড়ি চালকের মাকে গ্রেফতার করার পাশাপাশি পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অপহরনকারীকে গ্রেফতার এবং অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হবে।
বাংলাধারা/এফএস/এমআর












