বাংলাধারা প্রতিবেদন »
সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনিকে দুর্দান্ত থ্রোয়ে আউট করে ফাইনালে খেলার লাইফলাইন পেয়ে যান মার্টিন গাপটিল। তবে ব্যাট হাতে আরেকবার নিজের দেশকে হতাশ করলেন এই ওপেনার। ফাইনালের মঞ্চে আবারো দলকে বিপদে ঠেলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।
লর্ডসে টস জিতে ব্যাটিং করতে নেমেছে নিউজিল্যান্ড। শুরুটা ফাইনালের মতো করতে পারেনি কিউইরা। দলীয় মাত্র ২৯ রানে দলকে বিপদে ঠেলে বিদায় নেন গাপটিল।
গাপটিলকে আজ দারুণ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। দুটি চার ও এক ছয়ে ১৮ বলে ১৯ রানে পৌঁছে যান এই ওপেনার। তবে এরপরই মনোসংযোগ ব্যহত হয় কিউই এই ওপেনারের। ক্রিস উকসের ইনসুইংগার বুঝতে পারেননি। বল এসে লাগে গাপটিলের প্যাডে।
আগের দফা হেনরি নিকোলসকে ভুল আউট দেওয়া কুমার ধর্মসেনা এবার আর ভুল করলেন না। আঙুল তুলে গাপটিলকে আউটের ঘোষণা দেন তিনি। ধর্মসেনার সিদ্ধান্ত বলেই হয়তো রিভিউ চেয়ে বসেন গাপটিল। তবে এই দফায় বাঁচতে পারেননি তিনি। টিভি আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বলবত রাখেন।
এবারের বিশ্বকাপে বাজেভাবে ব্যর্থ হয়েছেন মার্টিন গাপটিল। ৯ ম্যাচে করেছেন মাত্র ১১৩ রান। গড় মাত্র ১২.৫৬। ক্যারিয়ারে এর আগে ২০১০ সালেই এতো খারাপ সময় কাটান গাপটিল। নিউজিল্যান্ড যদি আজকের ফাইনালে হেরে যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবেন তো এই ওপেনার?
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












