চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাবের সামনে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টার দিকে রাইফেল ক্লাব এলাকার সামনে আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে হঠাৎ একটি মিছিল শুরু হয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
এ সময় ব্যানারসহ আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তুষার (২০), আব্দুল্লাহ আল নোমান (২০), মো. রাকিব (১৯), ইব্রাহীম হোসেন বাবু (২২), মো. শরীফ হোসেন মুন্না (২০), সৈয়দ হামিদ মিয়াজী (২২), মো. মাসুদুর রহমান (২৪) ও মো. রিয়াজ হোসেন (২০)।
এরা সকলে হাটহাজারী, কর্ণফুলী, পাহাড়তলী, সাতকানিয়া ও বাকলিয়ার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি আফতাব উদ্দিন।













