২৬ মার্চ ২০২৬

দুদক কর্মকর্তাকে বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ

বাংলাধারা প্রতিবেদক»

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানাধীন ভূঁইয়া গলিতে অবস্থিত তার নিজ বাসায় গিয়ে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘনটায় খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. শরীফ উদ্দিন। 

সাধারণ ডায়েরিতে মো. শরীফ উদ্দিন উল্লেখ করেন, তিন দিনের ছুটিতে বাসায় আসেন তিনি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তার বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তার জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করিয়েছি। দুদকে কীভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তার মতো অনেকের জীবন ধ্বংস করেছি বলে জানায়। একপর্যায়ে তারা ফোন দিয়ে বাইরে থেকে লোক নিয়ে আসে। তখন আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেয়। আমি গেইটে তালা দিয়ে তাদেরকে বের হয়ে যেতে বলি। পরে আইয়ুব খান চৌধুরীকে শান্ত হয়ে আমি জিজ্ঞাসা করি, কেন তিনি এই ধরনের অশোভন আচরণ করলেন? তখন আইয়ুব খান সরি বললেন। কিন্তু তার গতিবিধি ও উদ্দেশ্যে সন্দেহজনক। আমার যে কোন ক্ষতি করতে পারেন তারা। তাই আইনগত সহায়তা পেতে থানায় জিডি করেছি।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘থানায় সাধারণ ডায়েরিতে রেকর্ড করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সাবেক উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বর্তমানে পটুয়াখালীতে একই পদে কর্মরত আছেন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে একের পর এক দুর্নীতিবাজ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। তার তদন্তে ধরা পড়ে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী এবং প্রভাবশালী রাজনীতিবিদ ও দালাল। অন্যদিকে, অভিযুক্ত আইয়ুব খান চৌধুরী কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি। যার বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এই বিষয়ে আইয়ুব খানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন