কক্সবাজার প্রতিনিধি »
পাসপোর্ট করতে গিয়ে সাজানো পিতাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে সন্ধ্যায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
কারান্তরিন হওয়া সাজানো পিতা আমির হোসেন (৫২) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাককুম পাড়ার ফজর আলীর ছেলে ও রোহিঙ্গা ছেনুয়ারা বেগম (২১) উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের কামাল উদ্দিনের মেয়ে।
জিজ্ঞাসাবাদে আমির হোসেন জানায়, তার (আমির হোসেনের) ফাতেমা খাতুন নামে একটি মেয়ে রয়েছে। ছেনুয়ারাকে ফাতেমা সাজিয়ে পাসপোর্ট বানাতে ফাতেমার সব ডকুমেন্ট উপস্থাপন করেন তিনি।
এদিকে, উভয়ের কথাবার্তায় সন্দেহ হয় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদের ফাঁকে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। খবর দেয়া হলে পুলিশ এসে দুইজনকে আটক করে সদর থানায় নিয়ে যান বলে জানিয়েছেন কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করে উভয়কে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর












