বাংলাধারা প্রতিবেদন »
দেশের বৃহত্তম পাইকারী বাজারের ঐতিহ্য হারাচ্ছে চাক্তাই-খাতুনগঞ্জ। দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না ঐতিহ্যবাহী বাজারটির। ভারি বর্ষণ না থাকলেও জোয়ারের পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় বিকিকিনি এক প্রকার বন্ধই রয়েছে সেখানে। ক্রমবর্ধমান হারে ক্ষতির মুখে পড়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকেই। ফলে দেশের ব্যবসা-বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে এ দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা। তবে প্রায় হাঁটু পরিমাণ এ পানিতে বিভিন্ন গুদাম ও দোকানে রাখা মালামালের তেমন ক্ষতি হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাক্তাইয়ের চালপট্টি, শুটকিপট্টি, মকবুল সওদাগর রোড ও আছদগঞ্জ, হামিদউল্লাহ বাজার ও আশপাশের নিম্নাঞ্চল হাঁটু পর্যন্ত জোয়ারের পানিতে তলিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, গত কয়েক বছরের অভিজ্ঞতায় তারা নিজ উদ্যোগে দোকান-গুদামের প্রবেশমুখ ও তলা উঁচু করেছেন। ফলে সড়কে পানি উঠার কারণে বিকিকিনি এক প্রকার বন্ধ থাকলেও মালামালের ক্ষতি হয়নি। আমরা আশা করবো, সরকার দ্রুত ব্যবস্থা নেবে। জলাবদ্ধতা ও যানজট থেকে চাক্তাই-খাতুনগঞ্জকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেবে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












