চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় অন্য আসামিরা হলেন হৃদয় (২৫) ও রানা (২৭)।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় বখাটেরা।
পরে ঘটনার জানাজানি হলে কোনো ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারের ওপর চাপ প্রয়োগ করেন আসামিরা। পরে শনিবার রাতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।













