৪ ফেব্রুয়ারি ২০২৬

বাকলিয়ায় সেনাবাহিনীর অভিযানে ফের গ্রেপ্তার বিএনপি নেতা কায়েস

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি নেতা মো. কায়েস (৪৪) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগেও তিনি পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন।

গত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মো. কায়েস ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই সোহেল চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে তিনি ওই মামলায় জামিনে মুক্ত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ ওই হত্যা মামলার যে প্রতিবেদন কিংবা চার্জশিট আদালতে দাখিল করেছে, তাতে মো. কায়েসকে দোষী করা হয়নি। কারণ মামলাটিতে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মামলার বাদী নারাজি দিলে পরবর্তীতে নতুন একটি বিশেষায়িত ইউনিটে মামলাটির পুনঃতদন্ত শুরু হয়। বর্তমানে ওই হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অগ্নিসংযোগ মামলায় মো. কায়েস হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরবর্তীতে সেই জামিন স্থগিত হলে কিছুদিন তাকে কারাগারেও থাকতে হয়।

২০২৩ সালে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে ম্যুরাল অগ্নিসংযোগ মামলায় হাজির করা হলে শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন।

জানা গেছে, ২০২২ সালের ১৮ মে পটিয়ার কাশিয়াইশ এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও এতে অগ্নিসংযোগের ঘটনায় মোহাম্মদ কায়েস ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মামলা দায়ের করেন।

অন্যদিকে কায়েসের পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতেই একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে একের পর এক মামলা ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরিবারের আরও অভিযোগ, পূর্বে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে হয়রানি করা হচ্ছে। যদিও আইন অনুযায়ী কারও বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকলে তা কার্যকর করা প্রশাসনের দায়িত্ব।

বাকলিয়া থানা পুলিশের সূত্র জানায়, সেনাবাহিনী গ্রেপ্তার করা কায়েসকে থানায় হস্তান্তর করেছে। আজ তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং সেখান থেকেই তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে পটিয়ার বুধপুরা বাজারে ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই সোহেল চৌধুরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর মোহাম্মদ কায়েসকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ