“আমার কোনো মাইম্যান নেই, সাধারণ জনগণ আপনারাই আমার শক্তি।” ধানের শীষের জন্য ভোট চাইতে গিয়ে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী সোমনাথ দে একথা বলেছেন।
তিনি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিজয় করতে হবে।
সোমনাথ দে বলেন, মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষই আমার মাইম্যান। আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আগামী দিনে করা হবে রোল মডেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ দে আরও বলেন, আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষে বিজয়ের জন্য আর ৭/৮টা দিন দলের জন্য সময় ব্যয় করুন, বাকি ৫ বছর আমি আপনাদের জন্য কষ্ট করব। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ঘের দখলকারী, জমি দখলকারী সে সব ব্যক্তি আমাকে ভোট দেবেন না। আপনাদের ভোটে ধানের শীষ বিজয়ী হলে দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আগামী দিনে করা হবে রোল মডেল।
বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেন, আপোষহীন নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের কল্যাণে নিবেদিত একজন দেশপ্রেমিক। জেল-জুলুম-নির্যাতন ও শত কষ্টের শিকার হয়েও এ দেশের মানুষকে ছেড়ে তিনি কখনো দেশ ছাড়েননি। তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। এ লক্ষ্যে তারই উত্তরসূরি আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দলের চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেশের সকল সম্প্রদায়ের মানুষের অধিকারের কথা বলা হয়েছে।
এটি বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ দেশ। দলের মধ্যে দ্বিধা-বিভক্ত নয়, সাধারণ জনগণের কল্যাণের জন্য অতন্দ্র প্রহরীর মতো মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করতে চাই।
ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, পৌর বিএনপির সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ।













