আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর থেকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বটতলী রুস্তম হাট, রায়পুর, গহিরা, আনোয়ারা সদর, বন্দর সেন্টার, জুঁইদণ্ডী, হাইলধর, পরৈকোড়া, ওষখাইন, মামুরখাইন ও বরুমচড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে আসছেন এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ উল্লাহ মাহমুদ।
এ সময় তিনি গ্রামের নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন এবং ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় এগারো দলীয় জোটের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
এনসিপির আনোয়ারা উপজেলার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, “জুলাই আন্দোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে আইনি বৈধতা প্রদান, জনগণের অধিকার বাস্তবায়ন ও ক্ষমতায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত জরুরি। নেতা নয়, জনতার বৈধতা প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরি করে যাচ্ছি।”
প্রচার-প্রচারণাকালে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী দিদারুল আলম, মোহাম্মদ নাঈম উদ্দিন, ছাত্রশক্তির দক্ষিণ জেলা নেতা এমদাদুল উল্লাহসহ যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













