চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, আনোয়ারার যেসব শিল্পকারখানা হয়েছে, সব দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। বিএনপির শাসনামলেই আনোয়ারার সব শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সেখানে হাজার হাজার নারী-পুরুষ কর্মরত রয়েছেন। তারা দেশ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এ সময় তিনি আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া পুরুষদের জন্য কৃষি কার্ড এবং বেকারদের জন্য ১৫শ টাকার বেকার কার্ড দেওয়া হবে। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক থেকে মহিলাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারার কালাবিবির দিঘি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলা শাখার আয়োজনে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থীর সমর্থনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান প্রতিনিধিদের সঙ্গে বিশাল সুধী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, আপনারা আজ স্বাধীন দেশে ক্ষমতায় আসার জন্য বসে আছেন, কিন্তু আপনারা কি এই স্বাধীন রাষ্ট্র চেয়েছিলেন? আপনারাই তো পাকিস্তানি দোসরদের আমাদের মা-বোনদের ওপর লেলিয়ে দিয়েছিলেন। এ সময় তিনি বিভিন্ন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধরের সঞ্চালনায় এবং আহ্বায়ক দিবাকর বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। উদ্বোধক ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান উদয় কুসুম বড়ুয়া, ঢাকা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র দাস, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, অপু বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক কুইনটেন রিবেরো, রুবেল বড়ুয়া, সুশীল বড়ুয়া, লায়ন আর. কে. দাশ রুপু, রাজীব ধর তমাল, বিপ্লব দে পার্থ, উজ্জ্বল বরণ বিশ্বাস।
এছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান, হাসান চেয়ারম্যান, ইকবাল হায়দার চৌধুরী, অ্যাডভোকেট লুকমান শাহ প্রমুখ।













